Subscribe our Channel

চট্টগ্রামে একদিনে দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ২

চট্টগ্রাম প্রতিবেদক : নগরের বায়েজিদ বোস্তামী থানার মান্ডাটিলা এলাকায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. হাসান (৪২) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।শুক্রবার (২২ মে) দুপুরে  এ ঘটনা ঘটে।পুলিশ জানিয়েছে, বায়েজিদ বোস্তামী থানার এলাকায় চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠে প্রতিবেশী মো. হাসান (৪২) নামের এক ব্যক্তির বিরুদ্ধে।

ভুক্তভোগী শিশুটিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে।বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম জানান, পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযুক্ত প্রতিবেশী মো. হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।এর আগে শুক্রবার দুপুরে নগরের ডবলমুরিং থানার একটি এলাকায় এক শিশুকে ডেকে নিয়ে একটি খালি প্লটে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে মো. এহসান (৫৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে।

বিষয়টি স্থানীয়রা দেখে তাকে আটক করে গণপিটুনি দেন।পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে হেফাজতে নিতে চাইলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে স্থানীয়দের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পুলিশ তাকে থানায় নিয়ে যায়। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ডবলমুরিং থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার এহসান একটি বাসার নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, খবর পেয়ে দুপুরে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়। পরিস্থিতি শান্ত করার চেষ্টা করা হলেও উত্তেজিত জনতা পুলিশকে ঘিরে ফেলে। প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ থাকার পর তারা বের হতে সক্ষম হন।

অভিযুক্ত যুবককে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।প্রসঙ্গত, বৃহস্পতিবার (২১ মে) নগরের বাকলিয়া থানার চেয়ারম্যানঘাটা এলাকায় চার বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় মনির হোসেন (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষুব্ধ জনতার দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

পরে বিক্ষুব্ধরা সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন এবং পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন।

এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন। এ ঘটনায় শুক্রবার (২২ মে) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকের আদালতে গ্রেপ্তার মনির হোসেন ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *